
রাজধানীর শ্যামপুরে পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে নিহত গাড়ির মেকানিক মোঃ সজীব পাঠান (৩৫) হত্যা মামলার প্রধান আসামি মোঃ শাহীন (৩০)–কে রাজধানীর ধোলাইরপাড় এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব সূত্রে জানা যায়, সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাসবাদ, হত্যা, মাদক, অবৈধ অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এই সফল অভিযানটি পরিচালনা করে।
র্যাব জানায়, গত ১৩ অক্টোবর ২০২৫ বিকেল ৫টা ৩০ মিনিটে শ্যামপুর থানাধীন জুরাইন মুন্সীবাড়ী এলাকায় পাওনা টাকা চাইতে গেলে আসামি শাহীন ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে সজীব পাঠানকে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে শ্যামপুর থানায় মামলা (নং-১০, তারিখ-১৪/১০/২০২৫, ধারা ৩০২ পেনাল কোড) দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-১০-এর সহযোগিতা কামনা করলে, র্যাবের একটি চৌকস দল তথ্য-প্রযুক্তির সহায়তায় গোয়েন্দা নজরদারি বাড়ায়।
এরই ধারাবাহিকতায় আজ (০৯ নভেম্বর ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিটে র্যাব-১০ এর আভিযানিক দল ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন ধোলাইরপাড় কমিউনিটি সেন্টার এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি শাহীনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শাহীন চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার বলাখাল এলাকার মোঃ আলী আহমেদের ছেলে। তার বিরুদ্ধে শ্যামপুর থানায় আরও দুটি মাদক মামলা রয়েছে বলে র্যাব জানিয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।